ঢাকার কেরানীগঞ্জে রাস্তার পাশে ময়লা-আবর্জনা ফেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে একদিনের কারাদণ্ড ও আরেকজনকে দুই হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (১৩ মে) উপজেলার শুভাঢ্যা এলাকায় অভিযান পরিচালনাকালে কেরানীগঞ্জ পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় রাস্তার পাশে ময়লা ফেলতে দেখে হাতেনাতে আটক করা হয় মো. রাসেল মিয়াকে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে একদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া রাস্তায় ময়লা ফেলার নির্দেশ দেওয়ার অভিযোগে ওয়ালিউর রহমানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক। এসময় দক্ষিণ কেরানীগঞ্জ সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ, পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
ইউএনও মো. উমর ফারুক বলেন, কেরানীগঞ্জ এলাকায় যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। যারা রাস্তা, খাল ও নদী দূষণ করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা তৈরিতে বিভিন্ন এলাকায় সাইনবোর্ড স্থাপন, মাইকিংসহ শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও মন্দিরের মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কেরানীগঞ্জের বিভিন্ন স্থানে চলমান পরিচ্ছন্নতা অভিযান আরও জোরদার করা হয়েছে। পরিবেশ দূষণ রোধ ও পরিচ্ছন্ন কেরানীগঞ্জ গড়তে ভবিষ্যতেও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।