ঢাকার কেরানীগঞ্জে রাস্তার পাশে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকা এক প্রতিবন্ধী ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক। মানবিক এই উদ্যোগে স্থানীয়দের মধ্যে প্রশংসার সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সন্ধ্যা ৭টার দিকে কেরানীগঞ্জ উপজেলার কদমতলী পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, এক ব্যক্তি ফোন করে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান যে, কদমতলী পয়েন্ট এলাকায় একজন প্রতিবন্ধী ব্যক্তি দীর্ঘ সময় ধরে মুমূর্ষু অবস্থায় পড়ে আছেন। খবর পাওয়ার পরপরই ইউএনও মো. উমর ফারুক ঘটনাস্থলে ছুটে যান এবং বিষয়টির সত্যতা নিশ্চিত হন।
পরবর্তীতে তিনি দ্রুত উদ্ধার কার্যক্রম পরিচালনা করে ওই প্রতিবন্ধী ব্যক্তিকে অ্যাম্বুলেন্সযোগে ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
এ বিষয়ে ইউএনও মো. উমর ফারুক বলেন, একজন ব্যক্তির কাছ থেকে ফোনে জানতে পারি কদমতলী পয়েন্ট এলাকায় এক প্রতিবন্ধী ব্যক্তি মুমূর্ষু অবস্থায় পড়ে আছেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যাই এবং বিষয়টি সত্য বলে দেখতে পাই। পরে তাকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ওই প্রতিবন্ধী ব্যক্তিকে ব্যবহার করে এক দুর্বৃত্ত ভিক্ষাবৃত্তি করাতো। অসুস্থ হয়ে পড়লে সুযোগ বুঝে তাকে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও অমানবিক। আমরা তার চিকিৎসার ব্যবস্থা করেছি। আশা করছি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।
স্থানীয়রা জানান, দীর্ঘ সময় ধরে ওই ব্যক্তিকে অসহায় অবস্থায় পড়ে থাকতে দেখা গেলেও কেউ তার দায়িত্ব নেয়নি। পরে ইউএনওর সরাসরি হস্তক্ষেপে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনায় প্রতিবন্ধী ব্যক্তিকে ভিক্ষাবৃত্তিতে ব্যবহার এবং অসুস্থ অবস্থায় ফেলে যাওয়ার অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল। একই সঙ্গে মানবিক দৃষ্টান্ত স্থাপন করায় ইউএনও মো. উমর ফারুকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকাবাসী।