• ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Daily Jonokotha

সাভারের তেঁতুলঝোড়ায় মাদকবিরোধী অভিযান: মাদকসহ তিন ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ৫, ২০২৬, ২২:০৭ অপরাহ্ণ
সাভারের তেঁতুলঝোড়ায় মাদকবিরোধী অভিযান: মাদকসহ তিন ব্যবসায়ী আটক [ppsp_buttons]

সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্যসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে হেমায়েতপুর আর্মি ক্যাম্পের একটি টহল দল। বাংলাদেশ সেনাবাহিনীর সাভার ক্যাম্প মিডিয়া সেল এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

আটককৃত ব্যক্তিরা হলেন মোঃ সেলিম (৩০),বাবু (৪০), জুয়েল (৪০)।
মিডিয়া সেল সুত্রে জানা যায়, বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে এগারোটা থেকে দুপুর ১টা পর্যন্ত হেমায়েতপুর আর্মি ক্যাম্পের একটি নিয়মিত টহল দল রাজফুলবাড়িয়া এলাকায় টহল পরিচালনা করে। টহল চলাকালে তেঁতুলঝোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিকটে তিনজন ব্যক্তিকে গাঁজা সেবনরত অবস্থায় দেখতে পায় সেনাসদস্যরা। পরে সন্দেহভাজনদের আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা নিজেদের নিয়মিত গাঁজা সেবনকারী বলে স্বীকার করে এবং গাঁজা ও ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথাও জানায়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী পাশের একটি দোকানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও মাদক ব্যবসায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে।

উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে— ৩০ পট গাঁজা, ২৭ পিস ইয়াবা ট্যাবলেট, ০৭ পিস অ্যাকুয়ামারিনা ডায়মন্ড, নগদ ২৫ হাজার ৩৮৪ টাকা (মাদক বিক্রির সন্দেহজনক অর্থ), ভারতীয় ভিসাসহ ০২টি পাসপোর্ট, ১৩টি চেক বই, গাঁজা ওজনের মেশিন, ইয়াবা সেবনের সরঞ্জামাদি, রেজিস্টার, মোবাইল ফোন, দেশীয় অস্ত্রসহ বিভিন্ন অপরাধমূলক উপকরণ।

জানা গেছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে পূর্বেও সাভার থানায় মাদকসংক্রান্ত একাধিক মামলা রয়েছে।

অভিযান শেষে আটক তিনজনকে উদ্ধারকৃত আলামতসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সাভার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনীর সাভার ক্যাম্প মিডিয়া সেল জানায়, মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে তারা সর্বদা তৎপর রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।