পারমাণবিক স্থাপনায় হামলা হয়েছে বলে জানিয়েছে ইরান। দেশটি জানিয়েছে, রোববার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানে নাতাঞ্জ পারমাণবিক স্থাপনাকে নিশানা করা হয়েছে।
সোমবার (০২ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থায় (আইএইএ) নিয়োজিত ইরানের রাষ্ট্রদূত রেজা নাজাফি বলেন, ইরানের পারমাণবিক স্থাপনা নাতাঞ্জ যৌথ অভিযানের সময় আঘাতপ্রাপ্ত হয়েছে। ভিয়েনায় অনুষ্ঠিত আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার ৩৫ সদস্যবিশিষ্ট বোর্ড অব গভর্নরসের বৈঠকে সাংবাদিকদের তিনি বলেন, তারা আবারও গতকাল ইরানের শান্তিপূর্ণ ও সুরক্ষিত পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে কোন স্থাপনায় হামলা হয়েছে জানতে চাইলে তিনি জবাব দেন, নাতাঞ্জ। তবে প্রতিবেদনে বলা হয়েছে, হামলার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ বা তেজস্ক্রিয়তার মাত্রা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।