• ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

Daily Jonokotha

আমান উল্লাহ আমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় কেরানীগঞ্জে দোয়া ও  মিষ্টি বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত আগস্ট ১৬, ২০২৬, ২২:৫৮ অপরাহ্ণ
আমান উল্লাহ আমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় কেরানীগঞ্জে দোয়া ও  মিষ্টি বিতরণ [ppsp_buttons]
সাবেক ডাকসুর ভিপি ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় কেরানীগঞ্জে দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) বিকেলে কেরানীগঞ্জ দলিল লেখক সমিতির কার্যালয়ে এ উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। পরে উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বরসহ আশপাশের এলাকায় মিষ্টি বিতরণ করেন আয়োজকরা।
কেরানীগঞ্জ দলিল লেখক সমিতির আহ্বায়ক মো. জাহিদুল হক মিলনের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন সমিতির সদস্য হাজী নূরুল ইসলাম।
দোয়া মাহফিলে সমিতির আহ্বায়ক মো. জাহিদুল হক মিলন বলেন, ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান দীর্ঘদিন ধরে বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে নিষ্ঠা, সততা ও সাংগঠনিক দক্ষতার সঙ্গে দলের জন্য কাজ করে আসছেন। তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও দলের প্রতি অবদানের মূল্যায়ন হিসেবেই তাকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত করা হয়েছে।
তিনি বলেন, আমান উল্লাহ আমানকে দলের স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত করায় আমরা আনন্দিত ও গর্বিত। নতুন এই দায়িত্বে তিনি আরও বৃহৎ পরিসরে মানুষের জন্য কাজ করার সুযোগ পাবেন বলে আমরা বিশ্বাস করি। তার অভিজ্ঞতা ও নেতৃত্ব দলকে আরও শক্তিশালী করবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আমান উল্লাহ আমান ছাত্ররাজনীতি থেকে জাতীয় রাজনীতির বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দীর্ঘ রাজনৈতিক পথচলায় তিনি দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তার রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার কারণে বিএনপির স্থায়ী কমিটিতে তার অন্তর্ভুক্তি দলকে আরও গতিশীল করবে বলে তারা প্রত্যাশা করেন।
দোয়া মাহফিলে আমান উল্লাহ আমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাজনৈতিক জীবনের সফলতা কামনা করা হয়। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ দলের নেতাকর্মী এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া শেষে উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বরসহ সংশ্লিষ্ট এলাকায় পথচারী, স্থানীয় বাসিন্দা ও উপস্থিত নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় আয়োজকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে কেরানীগঞ্জ মডেল থানা দলিল লেখক সমিতির সদস্য শাকির হোসেন, সেলিম হায়দার, মোহাম্মদ জুয়েলসহ সমিতির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা বলেন, আমান উল্লাহ আমানকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত করার মধ্য দিয়ে ঢাকা-২ আসনের মানুষের জন্যও একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। দলের নীতিনির্ধারণী পর্যায়ে থেকে তিনি এলাকার মানুষের সমস্যা, উন্নয়ন ও জনস্বার্থের বিষয়গুলো আরও জোরালোভাবে তুলে ধরবেন এমন প্রত্যাশা তাদের।