• ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

Daily Jonokotha

কেরানীগঞ্জে ভেজাল শিশুখাদ্য তৈরীর অপরাধে একজনকে কারাদণ্ড ও জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২০, ২০২৬, ২০:৪৫ অপরাহ্ণ
কেরানীগঞ্জে ভেজাল শিশুখাদ্য তৈরীর অপরাধে একজনকে কারাদণ্ড ও জরিমানা [ppsp_buttons]

ঢাকার কেরানীগঞ্জে ভেজাল মিশিয়ে অবৈধভাবে কোমল পানীয়, সস ও আচার উৎপাদনের দায়ে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২০ মে) সকাল ১১টার দিকে কেরানীগঞ্জের জিনজিরা আবাসিক এলাকায় এ অভিযান পরিচালনা করেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উমর ফারুক।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন সাদ্দাম হোসেন (২৯)। তিনি জিনজিরার চর রঘুনাথপুর এলাকার আব্দুস সাত্তারের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আবাসিক এলাকার একটি বাসাবাড়িতে অবৈধভাবে ভেজাল মিশ্রিত কোমল পানীয়, সস ও আচার তৈরি করে বিভিন্ন নামে-বেনামে দেশের বিভিন্ন এলাকায় বাজারজাত করে আসছিলেন সাদ্দাম হোসেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কারখানাটির কার্যক্রমের সত্যতা পাওয়া যায়।

এসময় কারখানায় উৎপাদিত বিভিন্ন ভেজাল খাদ্যপণ্য, কাঁচামাল ও সরঞ্জাম দেখতে পান ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ও ৪৩ ধারায় তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উমর ফারুক বলেন, অবৈধ ও ভেজাল মিশ্রিত খাদ্যপণ্য উৎপাদনের দায়ে একজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ এমন কোনো অবৈধ প্রতিষ্ঠান কেরানীগঞ্জে থাকতে পারবে না। এ ধরনের অভিযানে ভবিষ্যতেও কঠোরতা অব্যাহত থাকবে।

স্থানীয়দের অভিযোগ, আবাসিক এলাকায় গড়ে ওঠা এ ধরনের অবৈধ কারখানাগুলো দীর্ঘদিন ধরে প্রশাসনের নজরের বাইরে থেকে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে। নিয়মিত তদারকি জোরদারের দাবি জানিয়েছেন সচেতন মহল।