• ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

Daily Jonokotha

হেমায়েতপুরে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ দুই ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ২, ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ণ
হেমায়েতপুরে সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ দুই ব্যবসায়ী আটক [ppsp_buttons]

সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর মাদকবিরোধী অভিযানে গাঁজা ও দেশি-বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, মাদক সেবনের সরঞ্জাম ও অপরাধ সংশ্লিষ্ট মোবাইল ফোন।

সেনা সূত্রে জানা গেছে, সাভার সেনা ক্যাম্পের আওতাধীন হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় গত ০২ ফেব্রুয়ারি (রবিবার) দিবাগত রাত সাড়ে বারোটায় সেনাবাহিনীর একটি টহল দল সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে অভিযান পরিচালনা করে। এ সময় মো: ফিরোজ ও মো: সুজন নামের দুই ব্যক্তিকে তল্লাশি করা হলে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

অভিযানে আনুমানিক ২০ লিটার দেশি ও বিদেশি মদ, ২৫০ গ্রাম গাঁজা, ৬টি কাঁচি, ইয়াবা সেবনের জন্য ব্যবহৃত ৪টি পাত্র, ৪টি যৌন উদ্দীপক ট্যাবলেট এবং অপরাধ সংশ্লিষ্ট তথ্য সংরক্ষিত ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও যাচাইয়ে জানা যায়, আটককৃতদের মধ্যে একজন পূর্বে মাদক ও পর্নোগ্রাফি সংক্রান্ত একাধিক মামলার আসামি এবং দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা হেমায়েতপুর ও আশপাশের এলাকায় মাদক সরবরাহের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিল বলে ধারণা করা হচ্ছে।

পরবর্তীতে আটককৃত দুই ব্যক্তিকে উদ্ধারকৃত সকল আলামতসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাভার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে সেনা ক্যাম্প সূত্র জানায়, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্থানীয় সচেতন মহল সেনাবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত অভিযান চলমান থাকলে মাদকের ভয়াল আগ্রাসন থেকে যুবসমাজ রক্ষা পাবে।