ঢাকার কেরানীগঞ্জে র্যাব-১০ এর অভিযানে আনুমানিক ১ লাখ ৬৮ হাজার টাকা মূল্যমানের ৫.৬ কেজি গাঁজাসহ একজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ইকুরিয়া বেপারীপাড়া মিরেরবাগ কবরস্থান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় বলে নিশ্চিত করেছেন র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কুমার।
তিনি জানান, দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে ৫.৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ১ লাখ ৬৮ হাজার টাকা।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ সাগর (৩২)। তিনি ইকুরিয়া এলাকার বাসিন্দা। তার পিতা মোঃ শহিদুল্লাহ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পারে, গ্রেপ্তারকৃত সাগর দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে গাঁজা ও অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে অভিনব কৌশলে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।
র্যাব জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।
র্যাব-১০ এর পক্ষ থেকে আরও জানানো হয়, মাদক সমাজের জন্য সবচেয়ে ভয়াবহ হুমকি। এটি যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, পরিবারে অস্থিরতা সৃষ্টি করছে এবং সামগ্রিকভাবে রাষ্ট্রীয় নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে। এ কারণে র্যাব “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতি বাস্তবায়নে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে।
র্যাব-১০ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে জানায়, ভবিষ্যতেও মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।