• ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Daily Jonokotha

খালেদা জিয়া কাঁদলে বাংলাদেশ কাঁদে : আমান উল্লাহ আমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১, ২০২৫, ২৩:৫৬ অপরাহ্ণ
খালেদা জিয়া কাঁদলে বাংলাদেশ কাঁদে : আমান উল্লাহ আমান [ppsp_buttons]

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, খালেদা জিয়ার সুস্থতা কামনা করে প্রধান উপদেষ্টা দোয়া করেছে, মহামান্য রাস্ট্রপতি দোয়া করেছে। সকল রাজনৈতিক দল ও আপামর জনসাধারণ উনার জন্য দোয়া করছেন। এটা প্রমানিত হলো খালেদা জিয়া হাসলে বাংলাদেশ হাসে খালেদা জিয়া কাঁদলে বাংলাদেশ কাঁদে।
১ ডিসেম্বর (রবিবার) দুপুরে কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের নয়াবাজার ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমান উল্লাহ আমান বলেন, দীর্ঘ ১৭ বছর গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে করতে তিনি কারাবরণ করেছে, নিজ ছোট পুত্রকে হারিয়েছেন স্বৈরাচারী সরকারের অত্যাচারে। আরেক সন্তান হতে হয়েছেন বঞ্চিত। হাজার কষ্ট নিয়েও তিনি এইদেশ ছেড়ে যান নি। তিনি সবার কাছে গণতন্ত্রের প্রতিচ্ছবি হিসেবে গণ্য হয়েছেন। যেন তিনিই বাংলাদেশ।
তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রীকে আটকে রেখে শ্লো পয়জনিং এর মাধ্যমে নিঃশেষ করার চেষ্টা করা হয়েছে। আজকের স্বাস্থ্যের অবনতি এই শ্লোপয়জনিং এর ফলাফল বলে ধারণা করা হচ্ছে। আমরা আশা করছি উনি দ্রুত সুস্থ্য হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, আপনারা আব্রাহাম লিংকনের নাম শুনেছেন, যিনি আমেরিকাকে গড়ে তুলেছেন। নেলসন ম্যান্ডেলার নাম শুনেছেন। তিনি দীর্ঘদিন কারাবরণ করেছেন দক্ষিণ আফ্রিকার কালো মানুষদের জন্য। তেমনি আমাদের রয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। যিনি নিজের জীবনের সব কিছু এই দেশের জন্য উৎসর্গ করেছেন। আমরা সবাই তার জন্য দোয়া করবো।
তিনি ছাত্রদের উদ্দেশ্যে বলেন, তোমরা যারা পড়াশোনা করছো নিজেদের পড়াশোনা ঠিকমতো করে নিজেদের যোগ্য করে গড়ে তুলো। শিক্ষা জীবনে বিভিন্ন বাধা বিঘ্ন আসবে। তা ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। তোমাদের সহযোগিতার জন্যে আমরা আছি তোমাদের পাশে। তারুণ্যের অহংকার তারেক রহমান তোমাদের পাশে আছে।
নয়াবাজার ডিগ্রী কলেজ শাখা ছাত্রদল আহবায়ক সোহাগ হাসান শান্তর সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক, কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, ঢাকা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন আলী, যুগ্ন সম্পাদক মনির হোসেন মনির, যুবদলের যুগ্ন আহবায়ক এম এ অভি ও আশরাফুল আলম, ছাত্রদল আহবায়ক হাজী সাইফুল ইসলাম প্রমুখ।