• ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

Daily Jonokotha

ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবেঃ জেলা প্রশাসক ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৮, ২০২৫, ০৬:৫৮ পূর্বাহ্ণ
ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবেঃ জেলা প্রশাসক ঢাকা [ppsp_buttons]

ঢাকার নবনিযুক্ত জেলা প্রশাসক (ডিসি) মোঃ রেজাউল করিম বলেছেন,  ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

০৭ ডিসেম্বর (রবিবার) বিকেলে কেরানীগঞ্জ উপজেলা মিলনায়তনে কেরানীগঞ্জ উপজেলায়  কর্মরত সরকারি কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের প্রধান এবং ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যানদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। তিনি পুরো সভাজুড়ে নিবার্চনকে সামনে রেখে প্রশাসনিক প্রস্তুতি, নিরাপত্তা, অবকাঠামো সংস্কার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে কঠোর অবস্থানের বার্তা দেন।

সভায় কর্মকর্তাদের উদ্দেশে নবনিযুক্ত ডিসি বলেন, বর্তমানে নির্বাচনই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন এটি হবে শতাব্দীর সেরা নির্বাচন। এই নির্বাচন শুধু মাত্র সংসদ নির্বাচন নয়, পাশাপাশি দেশের শাসন ব্যবস্থার গুরুত্বপূর্ণ সংস্কার প্রশ্নে গণভোটও হবে। তাই ইতিহাসের অংশ হতে সবার সর্বাত্মক সহযোগিতা দরকার। সবাই যদি আইনানুগ দায়িত্ব পালন করি, কোনো ধরনের সমস্যা হবে না। আমাদের প্রত্যেককে ইতিহাসের গর্বিত অংশীদার হতে নিজ নিজ অবস্থান থেকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে।

তিনি আরও নির্দেশনা দেন সব ভোটকেন্দ্রকে দ্রুত সিসিটিভির আওতায় আনার জন্য তালিকা তৈরি করতে এবং যে কোনো পরিস্থিতি সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। নির্বাচনের আগেই জোরদার অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে বলেও আশ্বস্ত করেন তিনি।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম জানান, ঢাকা-২ আসনে কেরানীগঞ্জের ৭টি ইউনিয়ন ও সাভারের ৩টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনের কেরানীগঞ্জ অংশে মোট ভোটার ২৮৮৯৫৯ জন এবং ৯২১ জন প্রবাসী ভোটার তালিকাভুক্ত, ঢাকা-৩ আসনে কেরানীগঞ্জের ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে ভোটার সংখ্যা  ৩৬২০৫৯ জন। ভোট দেয়ার জন্য ৫২১ জন প্রবাসী ভোটার তালিকাভুক্ত হয়েছে।

তিনি আরও জানান, দায়িত্ব পালনে পর্যাপ্ত জনবলের তালিকা  করা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা হিসেবে ২৪২ জনের স্থলে ২৮০ জন, সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে ১৩৬৭ জনের স্থলে ১৩৯১ জন, পোলিং কর্মকর্তা হিসেবে ২৭৩৩ জনের স্থলে ২৯৪৫ জন  তালিকাভুক্ত করা হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ রাকিবা হাসান জানান, ঢাকা-২ আসনের কেরানীগঞ্জ অংশের ৭৭টি প্রাথমিক বিদ্যালয়কে ভোটকেন্দ্র হিসেবে সংস্কারের কথা থাকলেও বরাদ্দ এসেছে ৫২টি কেন্দ্রে।

ঢাকা-৩ আসনে বরাদ্দ এসেছে ২৫টি কেন্দ্রের জন্য।

তিনি বলেন, বিদ্যালয়গুলোতে পরীক্ষা চলমান থাকায় আমরা ১১ ডিসেম্বরের পর সংস্কার কাজ শুরু করতে পারবো।

জেলা প্রশাসক ক্ষতিগ্রস্ত রাস্তায় দ্রুত সংস্কার করার তাগিদ দিলে উপজেলা প্রকৌশলী আরিফুর রহমান জানান, নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী রোডম্যাপ তৈরি হয়েছে। যেসব রাস্তা ক্ষতিগ্রস্ত, সেগুলো দ্রুত সংস্কারের কাজ হাতে নেওয়া হয়েছে। নির্বাচনের আগেই কাজ শেষ করার লক্ষ্য আমাদের।

উপজেলা খাদ্য কর্মকর্তা মিজানুর রহমান বলেন, নির্বাচনের দায়িত্ব পালনকালে কর্মকর্তারা অনেক সময় নিরাপত্তা ঝুঁকিতে পড়েন। আমরা নিরাপত্তার বিষয়ে বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি।

সভায় কালবেলা কেরানীগঞ্জ প্রতিনিধি মোঃ ইমরুল কায়েস নির্বাচনের আগে এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান ও মাদক নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন। নতুন ডিসি এ বিষয়েও দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

 

সভায় সভাপতির বক্তব্যে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ওমর ফারুক বলেন, কেরানীগঞ্জে আসার আগে এলাকার পরিবেশ নিয়ে অনেক বিরূপ ধারণা ছিল। কিন্তু এখানে এসে কর্মকর্তাদের সহযোগিতা ও আন্তরিকতা দেখে ধারণা পাল্টে গেছে। এই টিমকে নিয়ে আমরা একটি উত্তম, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে পারবো।

সভায় আরও উপস্থিত ছিলেন এসিল্যান্ড কেরানীগঞ্জ মডেল জান্নাতুল মাওয়া ও এসিল্যান্ড কেরানীগঞ্জ দক্ষিণ আফতাব আহমেদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোকাদ্দেস, সাব-রেজিস্ট্রার কেরানীগঞ্জ মডেল মিরাজ উদ্দিন সহ কেরানীগঞ্জে কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানবৃন্দ।