• ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

Daily Jonokotha

কেরানীগঞ্জে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০২৫, ১৫:৫৯ অপরাহ্ণ
কেরানীগঞ্জে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন [ppsp_buttons]

যথাযথ মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে কোনাখোলা পুলিশ ফাঁড়ির সামনে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।

এরপর সকাল ৭টায় মনুবেপারীর ঢালে অবস্থিত শহীদ স্মৃতিসৌধে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক পুষ্পস্তবক অর্পণ করেন। পর্যায়ক্রমে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ, কেরানীগঞ্জ প্রেসক্লাব, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কেরানীগঞ্জ, কেরানীগঞ্জ মডেল থানা বিএনপি, কালিন্দী ইউনিয়ন বিএনপি এবং সাজেদা হাসপাতালের পক্ষ থেকেও শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

পরে সকাল ৯টায় কেরানীগঞ্জ উপজেলা মাঠে বেলুন ও শান্তির প্রতীক কবুতর উড়িয়ে বিজয় দিবসের অনুষ্ঠানমালার উদ্বোধন করেন ইউএনও মো. উমর ফারুক। এ সময় কেরানীগঞ্জ উপজেলার বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, জুলাই বিপ্লবের যোদ্ধা এবং শহীদদের পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ, আনসার ও ভিডিপি এবং কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মনোজ্ঞ কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করে। পাশাপাশি কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের পক্ষ থেকে দুর্ঘটনায় করণীয় বিষয়ে সচেতনতামূলক মহড়া প্রদর্শন করা হয়। দিবসটি উপলক্ষে উপজেলা মাঠে দিনব্যাপী বিজয় মেলারও উদ্বোধন করা হয়, যা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল এসিল্যান্ড জান্নাতুল মাওয়া, দক্ষিণ কেরানীগঞ্জ এসিল্যান্ড আফতাব আহমেদ, কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম সাইফুল আলম, দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম, উপজেলা প্রকৌশলী আরিফুর রহমান, পল্লি উন্নয়ন কর্মকর্তা তাইবুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা নুরুন নাহার, কৃষি কর্মকর্তা মহুয়া শারমিন মুনমুন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল মোকাদ্দেসসহ কেরানীগঞ্জ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং বিজয় দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন।