ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় জনস্বাস্থ্য রক্ষায় ফলের আড়ত ও অবৈধ কেমিক্যাল কারখানার বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে বিষাক্ত কেমিক্যাল ব্যবহার করে ফল পাকানোর দায়ে একাধিক আড়তদারকে অর্থদণ্ড এবং একটি কারখানা সিলগালা করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উমর ফারুকের নেতৃত্বে রাজেন্দ্রপুর এলাকার বিভিন্ন ফলের আড়তে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় কলাসহ বিভিন্ন ফল অবৈধভাবে কেমিক্যাল ও ফরমালিন মিশিয়ে পাকানোর প্রমাণ পাওয়া যায়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আড়তের ম্যানেজারসহ মোট ৯ জনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, দীর্ঘদিন ধরে রাজেন্দ্রপুর এলাকায় কিছু ফলের আড়তে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে ফল পাকানো হচ্ছিল, যা সাধারণ মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করছিল। অভিযানের মাধ্যমে এসব অনিয়মের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।
একই দিনে জিঞ্জিরা এলাকায় অবস্থিত ‘সিক্সটি ফোর’ নামের একটি কেমিক্যাল কারখানায় অভিযান পরিচালনা করা হয়। সরেজমিনে দেখা যায়, কারখানাটির কোনো বিএসটিআই অনুমোদন বা বৈধ লাইসেন্স নেই। অযোগ্য লোকবল দিয়ে কেমিস্টের দায়িত্ব পালন করানো হচ্ছিল এবং মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর কেমিক্যালজাত কাঁচামাল মজুত রাখা হয়েছিল। এসব গুরুতর অনিয়মের কারণে কারখানাটি সিলগালা করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, জনস্বাস্থ্যের সঙ্গে আপস করার কোনো সুযোগ নেই। অবৈধভাবে ফল পাকানো ও লাইসেন্সবিহীন কারখানা পরিচালনার বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আফতাব আহমেদ, বিএসটিআইয়ের প্রতিনিধি ফিল্ড অফিসার আলী আকবর সুহেল এবং কেরানীগঞ্জ থানার এসআই হাসমাত আহমেদ ও মাহবুব রহমানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।