ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, আপসহীন অবস্থান ও অনমনীয় নেতৃত্বের পর অবশেষে মৃত্যুর কাছেই আপোষ করলেন আপোষহীন নেত্রী। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশের প্রথম নারী সরকারপ্রধান বেগম খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
বিএনপি মিডিয়া সেলের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক শোকবার্তায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। এই খবরে মুহূর্তেই স্থবির হয়ে পড়ে দেশের রাজনৈতিক অঙ্গন। নেমে আসে শোকের ভারী নীরবতা।
এর আগে সোমবার (২৯ ডিসেম্বর) গভীর রাতে খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছিলেন, সাবেক এই প্রধানমন্ত্রী “অত্যন্ত সংকটময় একটি সময় অতিক্রম করছেন”।
রাত ২টার পর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের তিনি বলেন, চিকিৎসকরা সর্বোচ্চ চেষ্টা চালালেও খালেদা জিয়ার শারীরিক অবস্থা ছিল মারাত্মক ঝুঁকিপূর্ণ। প্রতিটি মুহূর্ত ছিল অনিশ্চিত। তবুও শেষ পর্যন্ত জীবনযুদ্ধের এই লড়াইয়ে হার মানতে হয় তাকে।
বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্রোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনি জটিলতাসহ একাধিক গুরুতর রোগে ভুগছিলেন। গত ২৩ নভেম্বর হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দ্রুত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের নিবিড় তত্ত্বাবধানে চলছিল তার চিকিৎসা। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছিল। তবে শারীরিক অবস্থার চরম অবনতি হওয়ায় তা আর সম্ভব হয়নি।
বেগম খালেদা জিয়া ১৯৯১ সালে বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে রাষ্ট্রক্ষমতায় আসেন। পরে ১৯৯৬ ও ২০০১ সালে আরও দুই দফা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সামরিক শাসন-পরবর্তী গণতান্ত্রিক ধারায় তার নেতৃত্বে বিএনপি হয়ে ওঠে দেশের অন্যতম শক্তিশালী রাজনৈতিক শক্তি।
রাজনীতিতে তিনি ছিলেন আপসহীন, দৃঢ়চেতা ও স্পষ্ট অবস্থানের প্রতীক। আন্দোলন, নির্বাচন, ক্ষমতা ও বিরোধী রাজনীতিতে তার অবস্থান ছিল সুস্পষ্ট ও প্রশ্নাতীত। সমর্থকদের কাছে তিনি ছিলেন সংগ্রামের প্রতিচ্ছবি, বিরোধীদের কাছে এক অদম্য প্রতিদ্বন্দ্বী।
খালেদা জিয়ার মৃত্যুর খবরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে নেমে এসেছে শোকের ঢল। দলীয় কার্যালয়, হাসপাতাল প্রাঙ্গণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে কান্না, স্মৃতিচারণ ও শোকবার্তার বন্যা।
দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে দেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে থাকা এক নেত্রীর বিদায়ে নিঃসন্দেহে তৈরি হয়েছে এক গভীর শূন্যতা।
আপসহীন রাজনীতির যে অধ্যায় তিনি রচনা করেছিলেন, তা ইতিহাসের পাতায় চিরদিন স্মরণীয় হয়ে থাকবেন।