মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বিএনপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় কার্যালয় চত্বরে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে উৎসবমুখর ও প্রাণচঞ্চল পরিবেশের সৃষ্টি হয়।
মনোনয়নপত্র দাখিলকালে গয়েশ্বর চন্দ্র রায়ের সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নিপুণ রায় চৌধুরী, কেরানীগঞ্জ দক্ষিণ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি মোঃ পাভেল মোল্লা, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলসহ দক্ষিণ থানা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
মনোনয়নপত্র জমা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ঢাকা ৩ আসনের জনগণ আজ পরিবর্তন চায়। দীর্ঘদিন ধরে মানুষ ভোটাধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার থেকে বঞ্চিত। এই আসনে বিএনপির বিজয়ের মাধ্যমে জনগণের অধিকার পুনরুদ্ধার করা হবে।
তিনি আরও বলেন, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমেই দেশের রাজনৈতিক সংকট উত্তরণ সম্ভব।
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ভোটের মাঠে জনগণের দ্বারে দ্বারে গিয়ে বিএনপির ৩১ দফা তুলে ধরতে হবে। ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না।
ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেন,
গয়েশ্বর চন্দ্র রায় একজন অভিজ্ঞ, আপসহীন ও ত্যাগী নেতা। ঢাকা ৩ আসনে তিনি জনগণের আস্থার প্রতীক। বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা তাঁর নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে কাজ করবে।
মনোনয়নপত্র জমাকে কেন্দ্র করে সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে ছিল। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, ঢাকা–৩ আসনে নির্বাচনী প্রচারণা ইতোমধ্যে অনানুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। পোস্টার, লিফলেট ও গণসংযোগের মাধ্যমে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানো হচ্ছে।