• ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

Daily Jonokotha

শেষ দিনে ঢাকা-২ আসনে জামায়াতের চমক মনোনয়ন, আলোচনার কেন্দ্রে রাওয়া সভাপতি কর্ণেল (অব) আব্দুল হক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০২৫, ১১:০৯ পূর্বাহ্ণ
শেষ দিনে ঢাকা-২ আসনে জামায়াতের চমক মনোনয়ন, আলোচনার কেন্দ্রে রাওয়া সভাপতি কর্ণেল (অব) আব্দুল হক [ppsp_buttons]

মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ঢাকা-২ সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আলোচিত রাওয়া সভাপতি কর্ণেল আব্দুল হক। সোমবার (২৯ ডিসেম্বর)বিকেল পাঁচটায় সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়ন দাখিলকে ঘিরে কর্ণেল (অব) আব্দুল হকের অনুসারী ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। উপস্থিতি, স্লোগান ও সার্বিক পরিবেশের দিক থেকে এটি শেষ দিনে ঢাকা-২ আসনের অন্যতম চমক হিসেবে রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।

সাবেক সেনা কর্মকর্তা কর্ণেল (অব) আব্দুল হক সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গনে একটি আলোচিত নাম। বিএনপির মনোনয়ন প্রত্যাশা করে না পেয়ে শেষ পর্যন্ত জামায়াতের মনোনয়ন নিয়ে নির্বাচনে নামার ঘোষণা এই আসনের ভোটের সমীকরণে বড় ধরনের পরিবর্তন এনেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, সামরিক পটভূমি, সংগঠনিক সক্ষমতা এবং মাঠপর্যায়ে সক্রিয় উপস্থিতির কারণে কর্ণেল (অব) আব্দুল হক ঢাকা-২ আসনে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে আত্মপ্রকাশ করেছেন। বিশেষ করে প্রচলিত রাজনৈতিক হিসাবের বাইরে গিয়ে তার এই অবস্থান ভোটারদের একটি অংশকে নতুন করে ভাবতে বাধ্য করছে।

মনোনয়ন দাখিলের পর কর্ণেল (অব)আব্দুল হক বলেন, আমি আদর্শভিত্তিক রাজনীতি ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যেই নির্বাচনে এসেছি। জনগণ যদি আমাকে সুযোগ দেয়, তবে দুর্নীতি, সন্ত্রাস ও অন্যায়ের বিরুদ্ধে আপসহীনভাবে কাজ করবো।

স্থানীয় সূত্র জানায়, কেরানীগঞ্জ ও আশপাশের এলাকায় সামাজিক ও সংগঠনিক কর্মকাণ্ডে দীর্ঘদিন সম্পৃক্ত থাকার কারণে কর্ণেল আব্দুল হক ইতোমধ্যে একটি নির্দিষ্ট ভোটভিত্তি তৈরি করতে সক্ষম হয়েছেন।

উল্লেখ্য ঢাকা ২ আসনে ইতিপূর্বে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শুরা সদস্য প্রকৌশলী তৌফিক হাসানকে মনোনয়ন দিয়েছিল। হুট করেই গত ২৮ ডিসেম্বর বিএনপি হতে মনোনয়ন প্রত্যাশী কর্ণেল (অব) আব্দুল হক এই মনোনয়ন লাভ করেন। মনোনয়ন দাখিলের মধ্য দিয়ে ঢাকা-২ আসনের নির্বাচনী রাজনীতিতে নতুন উত্তাপ ছড়িয়েছে। মনোনয়ন যাচাই-বাছাই ও প্রতীক বরাদ্দের পর এই আসনে প্রতিদ্বন্দ্বিতা আরও তীব্র হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।