• ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

Daily Jonokotha

সব কেন্দ্রে সিসি ক্যামেরার আওতায় ভোট, সন্দেহের সুযোগ থাকবে না : জেলা প্রশাসক রেজাউল করিম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জানুয়ারি ৫, ২০২৬, ২০:১৫ অপরাহ্ণ
সব কেন্দ্রে সিসি ক্যামেরার আওতায় ভোট, সন্দেহের সুযোগ থাকবে না : জেলা প্রশাসক রেজাউল করিম

বক্তব্য রাখছেন ঢাকার জেলা প্রশাসক মোঃ রেজাউল করিম

[ppsp_buttons]
আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটকে ঘিরে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জনআস্থার ওপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেছেন ঢাকার জেলা প্রশাসক মোঃ রেজাউল করিম। তিনি বলেছেন, আমরা এমন একটি ভোট চাই যা হবে ক্যামেরার সামনে। প্রতিটি ভোট কেন্দ্র থাকবে সিসি ক্যামেরার আওতায়। কী হচ্ছে সবাই তা দেখতে পারবে। লুকানোর কিছুই নেই।
সোমবার (৫ জানুয়ারি) দুপুরে কেরানীগঞ্জ উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত গণভোট বিষয়ক অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক বলেন, সভায় উপস্থিত ব্যক্তিবর্গ সমাজের গ্রহণযোগ্য মানুষ। আপনারা যদি নিজ নিজ অবস্থান থেকে সবাইকে গণভোট বিষয়ে অবহিত করেন, তাহলে রাষ্ট্র উপকৃত হবে। আমাদের হাতে সময় খুব বেশি নেই। কিন্তু এই অল্প সময়েই জাতীয় নির্বাচন ও গণভোটের মতো বিশাল কাজ সম্পন্ন করতে হবে। এই মুহূর্তে মানুষকে গণভোটের কথা বলতে হবে। আমরা সবাই যখন একই বার্তা দেবো, তখন সেটি বিশাল অর্থ বহন করবে।
ভোটের দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, যারা ভোটের দায়িত্ব পালন করবেন, তারা অবশ্যই পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করে নিন। আজই পোস্টাল ভোট নিবন্ধনের শেষ দিন। দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো কারণে অস্বস্তিবোধ করলে আমাকে সরাসরি জানাবেন আমি নিজে ব্যবস্থা নেব।
তিনি আরও বলেন, এই ভোট যেন সত্যিকার অর্থে সুষ্ঠু, নিরপেক্ষ ও জনগণের বিশ্বাসযোগ্য হয়—সেটিই আমাদের লক্ষ্য। ভোটের প্রক্রিয়ায় যেন সামান্যতম সন্দেহেরও সুযোগ না থাকে। এ কারণেই আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন। কোনো ধরনের সমস্যা চোখে পড়লে আমাদের সরাসরি জানাবেন, আমরা দ্রুততার সঙ্গে ব্যবস্থা নেব।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন কেরানীগঞ্জ মডেল এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল মোকাদ্দেস, কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম সাইফুল আলম, দুর্নীতি প্রতিরোধ কমিটি কেরানীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ বাবুল আহমেদ, উপজেলা মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবু ইউসুফ ও পুরোহিত বিষ্ণু চক্রবর্তী।
সভায় আরও উপস্থিত ছিলেন এসি ল্যান্ড (দক্ষিণ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফতাব আহমেদ, কেরানীগঞ্জ দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম, কেরানীগঞ্জ উপজেলা প্রকৌশলী আরিফুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নুরুন নাহার, কৃষি কর্মকর্তা মহুয়া শারমিন মুনমুনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইমামবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
সভা শেষে বক্তারা শান্তিপূর্ণ পরিবেশে গণভোট ও জাতীয় নির্বাচন সম্পন্ন করতে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন এবং ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান।