সাভারের আমিনবাজার বরদেশী এলাকায় হেমায়েতপুর আর্মি ক্যাম্পের নিয়মিত টহল চলাকালে মাদকসহ এক মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী। অভিযানের সময় ঘটনাস্থল থেকে ইয়াবা, নগদ অর্থ, দেশীয় অস্ত্র ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
হেমায়েতপুর আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, গত ১৭ জানুয়ারি (শনিবার) রাত আনুমানিক ৭টার দিকে ক্যাম্পের একটি নিয়মিত টহল দল আমিনবাজার বোরদেশী এলাকায় টহল কার্যক্রম পরিচালনা করছিল। টহল চলাকালে বোরদেশী মফিদ-ই-আম স্কুল প্রাঙ্গণ অতিক্রমের সময় কয়েকজন ব্যক্তিকে ইয়াবা সেবন ও বিক্রয়ের সঙ্গে জড়িত অবস্থায় দেখতে পায় সেনাসদস্যরা।
পরিস্থিতি সন্দেহজনক মনে হলে টহল দল দ্রুত অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে একজন মাদক কারবারিকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির অর্থ বলে ধারণা করা ৭ হাজার ৪৫০ টাকা নগদ, ২টি মোবাইল ফোন, ছিনতাইয়ে ব্যবহৃত ২টি ধারালো ছুরি, মাদক সেবনে ব্যবহৃত ১টি সিরিঞ্জ এবং ২টি এফেড্রিন (ইনজেকশনযোগ্য মাদক) উদ্ধার করা হয়।
আটক ব্যক্তির নাম মোঃ আপন ইসলাম আগুন (২৬)। তার পিতার নাম শামসুল হক। তিনি আমিনবাজারের বোরদেশী পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রয় ও মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে সেনাবাহিনী।
পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য, অস্ত্র, মোবাইল ফোন এবং নগদ অর্থ সাভার মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সেনাবাহিনী জানায়, এলাকায় মাদক ও অপরাধ দমনে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে। বর্তমানে আমিনবাজার ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।