সাভারের হেমায়েতপুর কাঁচা বাজার এলাকায় সেনাবাহিনীর নিয়মিত টহল কার্যক্রমের সময় জুয়া ও চাঁদাবাজিতে জড়িত তিনজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুর আনুমানিক দেড়টায় হেমায়েতপুর আর্মি ক্যাম্পের একটি টহল দল বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
সেনা সূত্র জানায়, টহল চলাকালে কয়েকজন ব্যক্তিকে বাজার এলাকায় প্রকাশ্যে চাঁদাবাজি ও জুয়া পরিচালনায় লিপ্ত থাকতে দেখে সেনাসদস্যরা তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনা করেন। এ সময় তিনজনকে হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেন, তারা দীর্ঘদিন ধরে হেমায়েতপুর কাঁচা বাজার এলাকায় অবৈধ জুয়া পরিচালনা করে আসছিল। প্রথমে সাধারণ মানুষকে সামান্য লাভের প্রলোভন দেখিয়ে পরে কৌশলে সর্বস্ব হাতিয়ে নেওয়াই ছিল তাদের মূল কৌশল।
অভিযানের সময় আটককৃতদের কাছ থেকে বিপুল পরিমাণ আলামত উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ভুয়া পুরস্কারের সামগ্রী, জুয়ার টিকিট, জুয়ার লেনদেন সংক্রান্ত কাগজপত্র, নগদ অর্থ, একাধিক মোবাইল ফোন এবং ভয়ভীতি প্রদর্শনে ব্যবহৃত ধারালো ও লোহার সরঞ্জাম।
স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষ সেনাবাহিনীর এই অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন। তারা জানান, দীর্ঘদিন ধরে ওই চক্রটি বাজার এলাকায় জুয়া ও চাঁদাবাজির মাধ্যমে ব্যবসায়ী ও পথচারীদের হয়রানি করে আসছিল। অভিযানের সময় স্থানীয়দের পক্ষ থেকে আটককৃতদের বিরুদ্ধে মৌখিক অভিযোগও করা হয়।
পরবর্তীতে বিষয়টি স্থানীয় থানাকে অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটককৃত তিনজন ও উদ্ধারকৃত মালামাল নিজেদের জিম্মায় নেয়। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিদের পুলিশ হেফাজতে হস্তান্তর করা হয়েছে।
সেনাবাহিনী জানিয়েছে, সাধারণ মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে এবং জুয়া, চাঁদাবাজিসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড দমনে সেনাবাহিনীর নিয়মিত টহল কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অপরাধ দমনে কঠোর অবস্থান বজায় রাখা হবে।