• ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

Daily Jonokotha

বীর মুক্তিযোদ্ধা আনছার আলী হাওলাদারের ইন্তেকাল রাষ্ট্রীয় মর্যাদায় দাফন, গার্ড অব অনার প্রদান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ২২:০৪ অপরাহ্ণ
বীর মুক্তিযোদ্ধা আনছার আলী হাওলাদারের ইন্তেকাল রাষ্ট্রীয় মর্যাদায় দাফন, গার্ড অব অনার প্রদান [ppsp_buttons]

ঢাকার কেরানীগঞ্জ থানাধীন শাক্তা ইউনিয়নের আরশিনগর ২ নম্বর রোডের স্থায়ী বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোঃ আনছার আলী হাওলাদার (৭৭) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ১৪ ফেব্রুয়ারি দিবাগত রাত আনুমানিক ১টার দিকে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আটি বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জহিরুল ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বীর মুক্তিযোদ্ধা আনছার আলী হাওলাদার দীর্ঘদিন ধরে কিডনির সমস্যাসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। পরিবার সূত্রে জানা যায়, শারীরিক অবস্থার অবনতি ঘটায় সম্প্রতি তিনি শয্যাশায়ী হয়ে পড়েন এবং শেষ পর্যন্ত নিজ বাসায়ই মৃত্যুবরণ করেন।

মরহুম আনছার আলী হাওলাদার বরিশাল জেলার গৌরনদী থানার নাজিরপুর শংকরপাশা এলাকার মৃত ইয়াসিন হাওলাদারের পুত্র। তিনি স্বাধীনতা যুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং দেশ স্বাধীন হওয়ার পর দীর্ঘদিন সমাজসেবামূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। স্থানীয়ভাবে তিনি একজন সৎ, নিরহংকার ও দেশপ্রেমিক মানুষ হিসেবে পরিচিত ছিলেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় আরশিনগর গ্যাস রোডস্থ মদিনা মসজিদ প্রাঙ্গণে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন।

জানাজার পূর্বে কেরানীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়ার নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধা আনছার আলী হাওলাদারকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করে। এ সময় বিউগলের করুণ সুরে এবং জাতীয় পতাকায় আচ্ছাদিত মরদেহে শেষ শ্রদ্ধা জানান উপস্থিত সবাই।

পরে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।