• ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

Daily Jonokotha

কেরানীগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৫, ২০২৬, ০১:০২ পূর্বাহ্ণ
কেরানীগঞ্জে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সভা অনুষ্ঠিত [ppsp_buttons]

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বিদ্যমান সমস্যা ও করণীয় নির্ধারণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ মার্চ) সকাল ১১টায় কেরানীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উমর ফারুক-এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় কেরানীগঞ্জ উপজেলায় বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তারা মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং সমাধানের প্রস্তাব দেন।

আলোচনায় অংশগ্রহণকারীরা জানান, বর্জ্য ব্যবস্থাপনায় দলীয় বাধা, নির্দিষ্ট ডাম্পিং স্টেশনের অভাব, ময়লা পরিবহনের জন্য প্রয়োজনীয় গাড়ির সংকট এবং এক্সকাভেটর যন্ত্রের ঘাটতি কার্যক্রমকে ব্যাহত করছে।

এছাড়া সব হোল্ডিংধারীকে নিয়মিত বর্জ্য ব্যবস্থাপনায় যুক্ত করা যাচ্ছে না বলেও অভিযোগ ওঠে। অনেক ক্ষেত্রে এক এলাকার বর্জ্য অন্য এলাকায় নিয়ে প্রকাশ্যে ফেলা হচ্ছে, যা জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে।

সবার বক্তব্য শোনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উমর ফারুক বলেন, কেরানীগঞ্জের দুইটি আসনের সংসদ সদস্যরা গত সভায় বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

তিনি সতর্ক করে বলেন, যারা দায়িত্ব নিয়েও অব্যবস্থাপনা করছেন, তাদের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। প্রয়োজনে নতুন লোক নিয়োগ দেওয়া হবে। বর্জ্য ব্যবস্থাপনায় কোনো দলীয় প্রভাব থাকবে না।

তিনি আরও জানান, একটি বর্জ্য ব্যবস্থাপনা কমিটি গঠন করে সার্বিক কার্যক্রম তদারকি করা হবে। যারা বর্জ্য সংগ্রহ ও ডাম্পিং কাজে যুক্ত থাকবেন, তারা শুধু তাদের নির্ধারিত দায়িত্বই পালন করবেন এ ব্যাপারে কঠোরতা থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, প্রতিটি ইউনিয়নে দ্রুত শৃঙ্খলা ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রয়োজনীয় ডাম্পিং স্টেশন নির্ধারণ, ময়লা পরিবহনের গাড়ি ও এক্সকাভেটরের ব্যবস্থা করা হবে।

সচেতন মহল মনে করছেন, দীর্ঘদিনের অনিয়ম ও অব্যবস্থাপনা কাটিয়ে কেরানীগঞ্জে কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে প্রশাসনের কঠোর নজরদারি ও দলীয় প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করাই এখন সময়ের দাবি।