
আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দিচ্ছেন আমান উল্লাহ আমান
ঢাকার কেরানীগঞ্জে আয়োজিত এক ক্রীড়া অনুষ্ঠানে ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান বলেছেন, জনগণ গণ-অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী শাসনের জবাব দিয়েছে। তিনি দাবি করেন, দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রতিহিংসা, দমন-পীড়ন ও গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণ তাদের অবস্থান স্পষ্ট করেছে এবং সেই ধারাবাহিকতায় দেশে পরিবর্তনের সূচনা হয়েছে।
সোমবার (১ জুন) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া ইউনিয়নের আকছাইল মাঠে অনুষ্ঠিত ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় আকছাইল স্পোর্টিং ক্লাব এ টুর্নামেন্টের আয়োজন করে।
আমান উল্লাহ আমান বলেন, একসময় রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বাড়িছাড়া করা হয়েছিল। তার বিরুদ্ধে নানা ধরনের হয়রানিমূলক পদক্ষেপ নেওয়া হয়েছিল। কিন্তু ইতিহাসের নির্মম বাস্তবতা হলো, যারা এসব করেছে তারাই আজ দেশছাড়া। জনগণ গণ-অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী শাসনের জবাব দিয়েছে।
তিনি আরও বলেন, দেশের মানুষ সবসময় গণতন্ত্র, ভোটাধিকার ও ন্যায়বিচারের পক্ষে অবস্থান নিয়েছে। জনগণের রায়কে উপেক্ষা করে কোনো শাসনব্যবস্থা দীর্ঘদিন টিকে থাকতে পারে না। জনগণের শক্তিই সবচেয়ে বড় শক্তি এবং সেই শক্তির কাছেই অন্যায় ও অবিচার পরাজিত হয়েছে।
সংসদ সদস্য আমান বলেন, জনগণ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে এবং নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। তিনি দাবি করেন, অনেক প্রতিশ্রুতি ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে এবং পর্যায়ক্রমে বাকি প্রতিশ্রুতিগুলোও বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, বিগত সময়ে রাজনৈতিক প্রতিহিংসার কারণে দেশের গণতান্ত্রিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিরোধী মত ও পথের নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালানো হয়েছে। কিন্তু জনগণের শক্তির কাছে কোনো অন্যায়ই স্থায়ী হতে পারে না।
বক্তব্যের একপর্যায়ে তিনি মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরে বলেন, মাদক সমাজ ও পরিবার ধ্বংস করে দেয়। কেরানীগঞ্জে কোনোভাবেই মাদকের বিস্তার হতে দেওয়া হবে না। মাদকের সঙ্গে যদি বিএনপির কোনো নেতাকর্মীও জড়িত থাকে, তাহলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, ক্রীড়াবিদ, গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।