• ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

Daily Jonokotha

কেরানীগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৪, ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ণ
কেরানীগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত [ppsp_buttons]

ঢাকার কেরানীগঞ্জে সেচ্ছাসেবী সংগঠন কেরানীগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে কেরানীগঞ্জের বামনশুর এলাকায় অবস্থিত কামাল ওয়েসিস রেস্টুরেন্টে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার ও দোয়া মাহফিলটি কেরানীগঞ্জের বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য, স্বেচ্ছাসেবক ও রক্তদাতাদের এক মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে আগত অতিথিরা কেরানীগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাবের মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এই সংগঠনের কার্যক্রম আরও সম্প্রসারণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে অতিথি ব্রিগেডিয়ার জেনারেল (অব) খলিলুর রহমান বলেন, রক্তদান একটি মহৎ ও মানবিক কাজ। তরুণদের এমন মানবিক উদ্যোগের সঙ্গে যুক্ত হতে দেখে তিনি আনন্দিত। তিনি বলেন, রক্তদান কিংবা স্বাস্থ্যসেবা কার্যক্রমের পাশাপাশি চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের দক্ষ করে তুলতে প্রশিক্ষণের ব্যবস্থা করা জরুরি। কেরানীগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাব চাইলে এই উদ্যোগেও ভূমিকা রাখতে পারে। এ ক্ষেত্রে আমার অভিজ্ঞতা কাজে লাগাতে আমি আগ্রহী।

কেরানীগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাবের কার্যকরী সদস্য শাহাদাত হোসেন জানান, ক্লাবটি প্রতি বছর প্রায় সাড়ে তিন হাজার ব্যাগ রক্ত সংগ্রহ ও সরবরাহ করে থাকে। এছাড়াও সংগঠনের উদ্যোগে নিয়মিত রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস ও হেপাটাইটিস-বি পরীক্ষা এবং রক্তদানে উদ্বুদ্ধ করতে বছরজুড়ে বিভিন্ন স্থানে ব্লাড ক্যাম্প পরিচালনা করা হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য সুমন আহমেদ বলেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে—রক্তের অভাবে যেন একটি মানুষও মারা না যায়। পাশাপাশি সমাজে রক্তদান বিষয়ে সচেতনতা সৃষ্টি করা এবং সবাইকে এই মানবিক কাজে এগিয়ে আসতে উদ্বুদ্ধ করা।

কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল গনি বলেন, রক্তদানের মতো মহতী উদ্যোগের জন্য কেরানীগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাবের সকল সদস্য প্রশংসার দাবিদার। তিনি বলেন, মানবতার কল্যাণে কাজ করা এই সংগঠনের পাশে কেরানীগঞ্জ প্রেসক্লাব সবসময় থাকবে।

ক্লাবের প্রতিষ্ঠাকালিন দাতা সদস্য নাজির হোসেন বলেন,  রক্ত দানের মত মহতী কাজ করা তরুণদের সাথে কাজ করার সুযোগ পেয়ে আমি গর্বিত। সংকটময় মুহূর্তে রক্ত যোগান দেয়া সংগঠনের সদস্য ও রক্তদাতাদের প্রতি শুভেচছা জানাই।

তারানগর ইউনিয়ন পরিষদ প্যানেল চেয়ারম্যান মামুন বলেন, যারা রক্তদান করে তারা মাদক গ্রহণ করে না। তাই মাদক মুক্ত সমাজ গঠনের জন্য ব্লাড ডোনার্স ক্লাবের অবদান আছে।

ইফতার ও দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন নয়াবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক,  কেরানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামিম উদ্দিন, কোষাধ্যক্ষ সামসুল ইসলাম সনেট, দপ্তর সম্পাদক মো. ইমরুল কায়েস এবং কেরানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মজিবুর রহমানসহ কেরানীগঞ্জের বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য ও সম্মানিত রক্তদাতারা।

অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।