ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ রেণু পোনা জব্দ করেছে উপজেলা মৎস্য অফিস। বুধবার (২০ মে) সকালে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কেরানীগঞ্জ অংশে পরিচালিত এ অভিযানে দুটি ট্রাক থেকে ৭৫টি ড্রামে সংরক্ষিত রেণু পোনা উদ্ধার করা হয়। জব্দকৃত রেণু পোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কেরানীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা কারিশমা আহমেদ জাকসির নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ সদস্যরাও সহযোগিতা করেন।
মৎস্য কর্মকর্তা কারিশমা আহমেদ জাকসি জানান, চট্টগ্রাম থেকে খুলনায় পাচারের উদ্দেশ্যে রেণু পোনাগুলো বহন করা হচ্ছিল। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, এসব রেণু কর্ণফুলী নদী থেকে অবৈধভাবে সংগ্রহ করা হয়েছিল। পরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের কেরানীগঞ্জ অংশে দুটি ট্রাকে তল্লাশি চালিয়ে রেণু পোনাগুলো জব্দ করা হয়।
তিনি আরও জানান, অভিযানকালে মালিক পক্ষের কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে জড়িতদের শনাক্তে কাজ চলছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
উদ্ধার করা রেণু পোনাগুলো জীববৈচিত্র্য রক্ষা ও প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বজায় রাখতে পরে ধলেশ্বরী নদীতে অবমুক্ত করা হয় বলে জানান তিনি।
সংশ্লিষ্টরা বলছেন, অবৈধভাবে রেণু পোনা আহরণ ও পাচারের কারণে নদীর স্বাভাবিক প্রজনন ব্যবস্থা হুমকির মুখে পড়ছে। এতে ভবিষ্যতে দেশীয় মাছের উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়তে পারে। তাই এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।