• ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

Daily Jonokotha

শ্যামপুরে আবাসিক হোটেলে র‌্যাবের অভিযান বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৮, ২০২৬, ১২:৪২ অপরাহ্ণ
শ্যামপুরে আবাসিক হোটেলে র‌্যাবের অভিযান  বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার ১ [ppsp_buttons]

রাজধানীর শ্যামপুর থানাধীন পোস্তগোলা এলাকায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। বৃহস্পতিবার (৭ মে) রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে র‌্যাব-১০ এর সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

র‌্যাব জানায়, অবৈধ মাদক কেনাবেচার তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে পোস্তগোলা এলাকার একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে ০১টি বিদেশি পিস্তল, ০১টি ম্যাগাজিন ও ০৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ সময় আরিফুর রহমান নয়ন (৪১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি শ্যামপুর থানার করিমুল্লারবাগ এলাকার বাসিন্দা। অভিযানের সময় তার কাছ থেকে ০৩টি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে।

র‌্যাব-১০ এর পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এছাড়া তার বিরুদ্ধে শ্যামপুর থানায় মারামারি, ছিনতাই ও বিস্ফোরক দ্রব্য আইনে অন্তত দুটি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে রাজধানীর শ্যামপুরসহ আশপাশের এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিলেন বলেও দাবি করেছে র‌্যাব।

র‌্যাবের ভাষ্য, অভিযানের মাধ্যমে একটি অবৈধ অস্ত্র চক্রের তৎপরতা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। গোয়েন্দা নজরদারি ও তথ্য বিশ্লেষণের মাধ্যমে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।

র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পরিচালক ও সহকারী পরিচালক (মিডিয়া) মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অবৈধ অস্ত্র, মাদক ও সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে র‌্যাব জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে র‌্যাব সর্বদা তৎপর রয়েছে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।