ঢাকার নবাবগঞ্জে সেনাবাহিনীর নিয়মিত টহল দলের বিশেষ অভিযানে মাদক কেনাবেচা ও সেবনের সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার পুরাতন বান্দুরা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মাদক বিক্রির নগদ অর্থ, ইয়াবা, গাঁজা ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
অভিযান ও আটক সেনাবাহিনী সূত্রে জানা গেছে, নবাবগঞ্জ আর্মি ক্যাম্পের একটি নিয়মিত টহল দল মঙ্গলবার রাত ১১টার দিকে পুরাতন বান্দুরা এলাকায় টহল দিচ্ছিল। এ সময় স্থানীয় একটি রেস্তোরাঁর পাশে কয়েকজন ব্যক্তির সন্দেহজনক ঘোরাফেরা দেখে চ্যালেঞ্জ করলে তারা পালানোর চেষ্টা করে। সেনা সদস্যরা তাৎক্ষণিকভাবে ধাওয়া করে দুইজনকে আটক করেন। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এবং নবাবগঞ্জ থানা পুলিশের সহায়তায় ওই এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী নাজমুলকে তার বাসা থেকে আটক করা হয়।
আটককৃতরা হলেন— এস কে মোহাম্মদ নাজমুল হোসেন (২৯), সোহাগ বিশ্বাস (২৪) এবং মহসিন মল্লিক (৩৬)। আটকের সময় একজনকে মাদকাসক্ত অবস্থায় পাওয়া যায়।
জব্দকৃত মালামাল অভিযান শেষে আটককৃতদের কাছ থেকে মাদক ও মাদক বিক্রির নগদ অর্থসহ বেশ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট ও আনুমানিক ২০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ৩৮,৩২০ (আটত্রিশ হাজার তিনশত বিশ) টাকা, ২টি মোটরসাইকেল ও ২টি মোবাইল ফোন, মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামাদি। জিজ্ঞাসাবাদে আটক নাজমুল হোসেন স্বীকার করেন যে, উদ্ধারকৃত টাকাগুলো গত একদিনে প্রায় ১০০ পিস ইয়াবা বিক্রি করে তিনি সংগ্রহ করেছিলেন। তিনি ওই এলাকায় নিয়মিত মাদক সরবরাহ করতেন বলে জানা গেছে।
নবাবগঞ্জ আর্মি ক্যাম্প কর্তৃপক্ষ জানায়, আটককৃত ব্যক্তিদের জব্দকৃত মালামালসহ পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নবাবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এলাকায় মাদক নির্মূলে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।